বায়ুদূষণ ও শব্দ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ক্রমবর্ধমান বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। বৈঠকে দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার বিষয়ে বিশদ পর্যালোচনা করা হয়।
ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ুদূষণ মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন প্রক্রিয়াকে আরও সম্প্রসারিত করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রাজধানীতে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অহেতুক হর্ন বাজানো রোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা ও কার্যকারিতা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের অংশ হিসেবে ঢাকার আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
