জাতীয় রপ্তানি পদক ও সিআইপি নির্বাচনের আবেদন আহ্বান করল ইপিবি

দেশের রপ্তানি খাতে অনন্য অবদান রাখা উদ্যোক্তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় রপ্তানি পদক এবং ২০২৭ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি সংশ্লিষ্টদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আবেদন যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করবে এবং পরবর্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদক ও সম্মাননা প্রদান করা হবে।
জাতীয় রপ্তানি পদকের জন্য ২৯টি পণ্য ও সেবা খাত নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিটি খাতের জন্য রপ্তানি আয়ের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করা বাধ্যতামূলক। সর্বোচ্চ শর্ত রাখা হয়েছে তৈরি পোশাক খাতে, যেখানে ওভেন ও নিট পোশাকের জন্য বার্ষিক ন্যূনতম রপ্তানি আয় হতে হবে ৭ কোটি মার্কিন ডলার। পর্যায়ক্রমে হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে ৫ কোটি ৫০ লাখ ডলার, সুতা উৎপাদনে ৩ কোটি ডলার এবং ডেনিম ও বেসিক কেমিক্যালসহ সংশ্লিষ্ট খাতে ২ কোটি ডলার আয়ের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া হস্তশিল্পজাত পণ্য রপ্তানিকারকদের জন্য ন্যূনতম ৫ লাখ ডলারের রপ্তানি আয় থাকতে হবে।
এদিকে সিআইপি বা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিবন্ধনের জন্য ৩৫টি পণ্য ও সেবা খাতে আবেদনের সুযোগ রাখা হয়েছে। সিআইপি নির্বাচনের ক্ষেত্রেও রপ্তানি আয়ের সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। তৈরি পোশাক খাতের জন্য ৭ কোটি ডলারের পাশাপাশি হোম টেক্সটাইলে ৫ কোটি ৫০ লাখ ডলার এবং ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে ৮০ লাখ ডলার রপ্তানি আয় থাকা আবশ্যিক। পাটজাত পণ্য, চামড়া ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন অপ্রচলিত খাতের জন্য নূন্যতম ১ কোটি ডলারের রপ্তানি আয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া সফটওয়্যার, চা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের জন্য ১০ লাখ ডলারের আয়সীমা রাখা হয়েছে।
আবেদনের ক্ষেত্রে কর পরিশোধের প্রত্যয়নপত্র, ঋণখেলাপি না হওয়ার অঙ্গীকারনামা, পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ সনদ, ব্যাংক প্রদত্ত প্রসিডস রিয়েলাইজেশন সার্টিফিকেট বা পিআরসি এবং কারখানার কমপ্লায়েন্স সনদসহ প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে জমা দিতে হবে। ইপিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। একই মালিকানাধীন গ্রুপের একাধিক প্রতিষ্ঠান একই খাতে রপ্তানি করলে গ্রুপের পক্ষ থেকে কেবল একজন আবেদন করতে পারবেন বলে নীতিমালায় স্পষ্ট করা হয়েছে।
