শপথ অনুষ্ঠান নিয়ে বিএনপিকে যা জানানো হলো

সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া প্রস্তুতি সম্পর্কে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিমুল গনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে সংসদ ভবনের শপথকক্ষে। আর নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের বিষয়ে কিছু নতুন পরামর্শ এসেছে, যা বিবেচনায় নেওয়া হচ্ছে।

এছাড়া, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। পরদিন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ এখনও স্থগিত রয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলের শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার সকাল ১০টায়। বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

0%
0%
0%
0%