ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। বাসসের প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা ইস্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবিচল সমর্থন দিয়ে আসছে। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সময় আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, তা আজও অবিস্মরণীয় হয়ে আছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উচ্চশিক্ষা গ্রহণরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করার লক্ষ্যে রাষ্ট্রদূত অন-অ্যারাইভাল ভিসা প্রদানের জন্য বিশেষ সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহায়তার তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন এবং বিষয়টি সুশৃঙ্খল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর পরামর্শ দেন। এছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনিদের ভিসা আবেদনের অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর প্রস্তাবকেও তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।
মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ফিলিস্তিনের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত বলে মন্ত্রী উল্লেখ করেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ফিলিস্তিনিদের প্রতি এই ভ্রাতৃত্ববোধ ও বিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকের এক পর্যায়ে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফুয়াদ হাসান পরাগ এবং ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন।