যানজট নিরসনে মহাখালী টার্মিনাল সরিয়ে পূর্বাচলে নেওয়ার সিদ্ধান্ত সরকারের

রাজধানী ঢাকার অসহনীয় যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের ডিপো সাময়িকভাবে পূর্বাচলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আয়োজিত তৃতীয় সভা শেষে এই তথ্য জানানো হয়।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান জানান, মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বাসগুলো কেবল যাত্রী ওঠানামার নির্ধারিত সময়েই টার্মিনালে প্রবেশ করবে, যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প নিয়ে সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিপুল বিনিয়োগের পর এই প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করা সমীচীন হবে না, বরং এটিকে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করার পথ খুঁজতে হবে। ড. হাদিউজ্জামান উল্লেখ করেন, প্রকল্পের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আগামী সপ্তাহ থেকেই শাহবাগ এলাকায় সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, সায়েদাবাদ টার্মিনালকে সুশৃঙ্খল করা এবং কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ দ্রুত বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গুলিস্তান এলাকা থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের সুযোগ তৈরির বিষয়েও সভায় আলোচনা হয়েছে। হকারদের উচ্ছেদ না করে বরং সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় এনে তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, রাস্তার ওপর বাস পার্কিং বন্ধ করতে পূর্বাচলে ডিপো স্থাপনের কাজে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহায়তা প্রদান করবে।