রাত ৯টার পর দোকানপাট খোলা রাখলে আইনি ব্যবস্থা নেবে ডিএসসিসি

নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শপিংমল ও মার্কেট খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ব্যবসায়ীদের দাবি এবং ক্রেতাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি সরকার কর্তৃক ঘোষিত সময়সূচি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএসসিসি জানিয়েছে, এখন থেকে সকল শপিংমল, মার্কেট ও বিপণিবিতান প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়নে সকল ব্যবসায়ী ও মালিক সমিতিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি এই নির্দেশনা যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছে সিটি কর্তৃপক্ষ।