সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় নভেম্বরে কাজ শুরুর প্রস্তুতি

সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েলগেজ রেলপথ প্রকল্পটি বাস্তবায়নের পথে সব জটিলতা কাটিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সম্পন্ন হবে। শুক্রবার সকালে বগুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট জেলায় ২ হাজার ২০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। দাতা সংস্থার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই রেলপথ নির্মাণের মূল কাজ শুরু হবে। বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে শহরের যানজট নিরসনে রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে উড়াল রেললাইন নির্মাণের চিন্তাভাবনা করছে সরকার। এতে রেলস্টেশনটি দোতলা হবে এবং শহরের কোনো রেলগেট থাকবে না, যা যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

বগুড়ার সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণকাজ সম্পন্ন করতে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শহরের সৌন্দর্যবর্ধন এবং বিভিন্ন চত্বর সংস্কারের কাজ নবগঠিত সিটি করপোরেশনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে।

শিক্ষার প্রসারে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে সেটিকে পূর্ণাঙ্গ ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রকৌশল, কৃষি ও চিকিৎসা অনুষদ অন্তর্ভুক্ত থাকবে, যেখানে দেশি-বিদেশি গবেষকদের জন্য পিএইচডি গবেষণার সুযোগ রাখা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী আগামী সপ্তাহে বিষয়টি মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের মাদকাসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানহীনতা ও হতাশা থেকে তরুণরা মাদকের দিকে ঝুঁকছে। সরকারি বিভিন্ন দপ্তরে থাকা প্রায় ৫ লাখ শূন্যপদ পূরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত কঠোর অভিযান পরিচালনা করা হবে।

বগুড়া বিমানবন্দরকে আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং চারমাথা থেকে নওগাঁ ও মোকামতলা থেকে হিলিগামী সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সভায় বগুড়া প্রেস ক্লাবের সার্বিক সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত- মীর শাহে আলম
0%
0%
0%
0%