কুষ্টিয়া পৌরসভায় তীব্র পানি সংকট ও অব্যবস্থাপনা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ সংসদ সদস্য আমির হামজার

জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে চরম বিভ্রান্তির মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। রোববার সংসদ অধিবেশনে তিনি বক্তব্য প্রদানের সুযোগ পেয়ে জানান যে, তিনি প্রায় ৩০টি নোটিশ জমা দিলেও কোনটির ওপর আলোচনা করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই নোটিশের বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে তাকে কুষ্টিয়া পৌরসভার তীব্র পানি সংকট নিয়ে আলোচনার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

স্পিকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য আমির হামজা তার নির্বাচনী এলাকার দুর্বিষহ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা বর্তমানে অকেজো হয়ে পড়ায় স্থানীয় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মতৎপরতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আমির হামজা দাবি করেন, পৌর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম অত্যন্ত ধীরগতিসম্পন্ন এবং সন্দেহজনক। দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনগণের সামনে সংসদ সদস্যদের দায়বদ্ধতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি স্পিকারের মাধ্যমে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর নির্দেশনা জারির আহ্বান জানান। সংসদ সদস্য যে দলেরই হোন না কেন, জনপ্রতিনিধিদের উত্থাপিত সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

বিজ্ঞাপন
সম্পর্কিত- জাতীয় সংসদ
0%
0%
0%
0%