ফিটনেসবিহীন যান নিষিদ্ধ, মহাসড়কে কঠোর নজরদারি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন সড়কযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, মহাসড়কে কঠোর নজরদারি এবং যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জোর দাবি ও সুপারিশ পেশ করেছেন সাংবাদিকরা। গত বুধবার (২০ মে) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে হাইওয়ে পুলিশের সংখ্যা বৃদ্ধি, টোল প্লাজায় বুথের সংখ্যা বাড়ানো, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে ঈদযাত্রাকালে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই এটি পুনরায় সামনে নিয়ে এসেছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও শোচনীয় আকার ধারণ করতে পারে।
শারমিন রহমান নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা, স্পিডগানের মাধ্যমে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, টোল প্লাজায় দ্রুত ডিজিটাল বুথ চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।