হরমুজ প্রণালী শর্তহীনভাবে উন্মুক্তকরণকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখছে কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সংঘাতের স্থায়ী অবসানে নতুন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের পরিচালক ইব্রাহিম আল হাশমি জানিয়েছেন, বর্তমানের যুদ্ধ নয় কিংবা শান্তিও নয় এমন অনিশ্চিত পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও উল্লেখ করেন যে, এই আঞ্চলিক অস্থিরতা কোনো দেশের জন্যই কল্যাণকর নয় এবং কাতার তার অংশীদারদের সঙ্গে নিয়ে সংকট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে।

এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আল হাশমি স্পষ্ট করে জানিয়েছেন যে, সমস্যার সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষেরই শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা থাকা সবচেয়ে জরুরি। এছাড়া, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের চলাচল স্বাভাবিক রাখা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।

০%
০%
০%
০%