ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফলাফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া এ সতর্কবার্তায় তিনি বলেন, “যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন, তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।”
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যা বন্ধ থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় প্রভাব পড়ছে।