খুলনার রূপসায় ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাছিমা আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাছিমা কাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল এবং সে ওই গ্রামের বাসিন্দা রিজাউলের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে না নিয়ে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে তড়িঘড়ি করে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
