সিলেটে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় তিনজনের মৃত্যু

সিলেট বিভাগে হাম-সদৃশ রোগের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২৭ জনে উন্নীত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিনজনের মধ্যে হবিগঞ্জের তিন বছর বয়সী শিশু মো. এহসান, ১৮ বছর বয়সী শ্যামলা রানী দাস এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাস বয়সী শিশু আয়ান রয়েছেন। তারা যথাক্রমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুনামগঞ্জে ৩৫১ জন, সিলেটে ২৭১ জন, মৌলভীবাজারে ১০২ জন এবং হবিগঞ্জে ১০৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুজন রুবেলা রোগীও রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন ভর্তি রয়েছেন।
হামজনিত মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখন পর্যন্ত সুনামগঞ্জে ৫২ জন, সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হলেও নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ রোগের বিস্তার রোধে আরও জোরালো সচেতনতামূলক কার্যক্রমের দাবি জানিয়েছেন।
