Advertisement

পদ্মাবত চলচ্চিত্রের জওহর দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্যে বিতর্কের কেন্দ্রে স্বরা ভাস্কর

বলিউডের পর্দায় বিতর্ক আর স্বরা ভাস্বর যেন একে অপরের পরিপূরক। অভিনয়ের সুবাদে দর্শকদের প্রশংসা কুড়ালেও, নিজের স্পষ্টবাদী মন্তব্যের কারণে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই অভিনেত্রী। তবে এবার তিনি যে বিষয়টিকে কাঠগড়ায় তুলেছেন, তা দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপটে চর্চিত এক সংবেদনশীল অধ্যায়—সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পদ্মাবত’-এর সেই আলোচিত জওহর প্রথা।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাবত’ সিনেমার শেষ দৃশ্যে দীপিকা পাড়ুকোনসহ অন্যান্য নারীদের আত্মসম্মান রক্ষার্থে আগুনে ঝাঁপ দেওয়ার দৃশ্যটি ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল। কিন্তু এই দৃশ্যটিকেই এবার তীব্র কটাক্ষের তীরে বিদ্ধ করলেন স্বরা। দিল্লির ‘ইন্টারন্যাশনাল সেন্টার ওমেন লাইভ ফ্রিডম’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ইতিহাসের দোহাই দিয়ে এমন দৃশ্য কি আদৌ যৌক্তিক?

বিজ্ঞাপন

স্বরা সরাসরি নিজের উদ্বেগের কথা তুলে ধরে বলেন, ধর্ষণের শিকার হওয়ার পর একজন নারীকে কি বাধ্যতামূলকভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হবে? তিনি আরও যোগ করেন, বর্তমান সময়ে ধর্ষণ যখন একটি সামাজিক অভিশাপের রূপ নিয়েছে, তখন সিনেমার মাধ্যমে কি এমন বার্তা দেওয়া হচ্ছে যে, লাঞ্ছিতা হওয়ার পর নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই? স্বরার মতে, সিনেমাটির এই উপস্থাপনা অত্যন্ত আপত্তিকর এবং এটি নারীর জীবনের চেয়ে সম্মানকে বড় করে দেখাতে গিয়ে ভুল বার্তাই দিচ্ছে।

নিজের সমালোচনার ধার বজায় রেখে স্বরা আরও বলেন, ওই দৃশ্যের কিছু অংশ দেখে তিনি রীতিমতো শিউরে উঠেছিলেন। বিশেষ করে গর্ভবতী নারীর জহরের দৃশ্যটিকে তিনি নিষ্ঠুর আখ্যা দিয়েছেন। তার কথায়, সেই অনাগত শিশুটি যদি কন্যা সন্তান হতো, তবে কি তার জন্মের আগেই তাকে মৃত্যুবরণ করতে হবে? মুসলিম শাসকের হাত থেকে রক্ষার অজুহাতে এভাবে ভ্রুণ হত্যার মহিমা প্রচারকে তিনি কাপুরুষতা হিসেবেই দাগিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

স্বরা ভাস্বরের এই বিস্ফোরক মন্তব্য শোবিজ অঙ্গনে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে যেমন অনেকেই ঐতিহাসিক প্রথাকে এভাবে ছোট করার প্রতিবাদ জানিয়েছেন, অন্যদিকে একাংশের মতে, স্বরা অত্যন্ত সাহসীকতার সঙ্গে নারী অধিকারের প্রশ্নটি তুলে ধরেছেন। বিতর্কের রেশ যে খুব দ্রুত কাটছে না, তা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উত্তপ্ত তর্ক-বিতর্ক থেকেই স্পষ্ট।

0%
0%
0%
0%