Advertisement

২৬ আগস্ট চরকিতে আসছে ছাত্ররাজনীতির বাস্তবতায় নির্মিত দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

ছাত্ররাজনীতির জটিল সমীকরণ, ক্ষমতার দাপট আর ক্যাম্পাসের অন্ধকার অলিগলির নির্মম বাস্তবতাকে ব্যঙ্গাত্মক ও হাস্যরসের মোড়কে পর্দায় নিয়ে আসছেন নির্মাতা আকাশ হক। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৬ আগস্ট রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকেরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত এই সাহসী সিনেমাটি।

চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয় জীবনের রাজনীতির নামে ক্ষমতার পালাবদল, পদ পাওয়ার জন্য মরিয়া প্রতিযোগিতা, গ্রুপিং, হল–রাজনীতির অস্থিরতা এবং অর্থের বিনিময়ে প্রভাব বিস্তারের মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। কোনো শিক্ষার্থী কীভাবে রাজনীতির সিঁড়ি বেয়ে হঠাৎ ‘রাজা’ হয়ে ওঠেন আবার ক্ষমতা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন, সেই গল্পই এখানে মুখ্য। বিশেষ করে নেতাকে খুশি করতে কর্মীদের অতি-আনুগত্যের সংস্কৃতিকে তুলে ধরতে ব্যবহৃত হয়েছে ‘সহমত ভাই’ শিরোনামের একটি গান। তাবিব মাহমুদের কথা, সুর ও কণ্ঠে এই র‍্যাপ গানটি যেন সিনেমার মূল প্রতিপাদ্যকেই ধারণ করে—‘আপনি যদি ডানে আগান আমরা যাব ডানে/ আপনি যদি ভাসেন নেতা আমরা ভাসব বানে।’

বিজ্ঞাপন

নির্মাতা আকাশ হক জানান, বিশ্ববিদ্যালয়কে তিনি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেখেন না, বরং এটিকে মনে করেন বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটি ক্ষুদ্র সংস্করণ। তাই ক্যাম্পাসের রাজনীতিকে এড়িয়ে যাওয়া তার কাছে অসম্ভব মনে হয়েছে। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়, বরং তিনি একটি সামগ্রিক মানসিকতা ও সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে নির্মাতা আশাবাদী যে, সিনেমাটি মানুষের চিন্তার খোরাক জোগাবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন এবং মেহেদী হাসান সোহানসহ একঝাঁক প্রতিভাবান অভিনয়শিল্পী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের গুরুদায়িত্বও পালন করেছেন আকাশ হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা নানা বাস্তবতাকে উপজীব্য করেই তিনি এই সিনেমার বুনন তৈরি করেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মধ্য দিয়ে সিনেমাটি এখন বৃহত্তর দর্শক মহলে পৌঁছানোর অপেক্ষায়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%