Advertisement

রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবির পর তোপের মুখে মৌমিতা পণ্ডিতের খোলা চিঠি

টালিউডের অন্দরে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের দাবি করে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। সেই সময় রাহুল আইনত প্রিয়াঙ্কা সরকারের স্বামী হওয়ায় মৌমিতার এই মন্তব্যে ‘পরকীয়া’র বিতর্ক দানা বেঁধেছে। এমন স্পর্শকাতর বিষয়ে মৃত ব্যক্তির হয়ে সাফাই গাইতে গিয়েই মৌমিতার বিরুদ্ধে তোপ দেগেছেন টলিউডের একঝাঁক তারকা। সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে মানসী সিনহা—প্রত্যেকেই মৌমিতার এমন আচরণের তীব্র নিন্দা করেছেন। তাদের মতে, মৌমিতার এই বক্তব্য প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল-প্রিয়াঙ্কার পুত্র সহজকে গভীরভাবে আঘাত করেছে।

এই তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ খোলা চিঠি দিয়েছেন মৌমিতা। তিনি অভিযোগ করেছেন, সত্য প্রকাশের দায়ে পরিচিত ও অপরিচিত নির্বিশেষে সবাই তাকে আক্রমণ করছেন। মৌমিতার কথায়, যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারাও আসল ঘটনা না জেনেই তাকে ‘সস্তা’, ‘বাজারি’ বা ‘মিথ্যাবাদী’র মতো নানা আপত্তিকর বিশেষণে ভূষিত করেছেন। বিশেষ করে ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’ সহকর্মীদের এমন আচরণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

মৌমিতার দাবি, ইন্ডাস্ট্রির সিনিয়র তারকারা প্রথাগত ‘তিনটি বাঁদর’-এর মতো চোখ, কান ও মুখ বন্ধ করে রেখেছেন। তিনি আক্ষেপ করে বলেন, যারা আসল সত্য সম্পর্কে অবগত, তারাও চুপ করে তামাশা দেখছেন। মৌমিতার মতে, মৃত মানুষকে সম্মান জানাতে গিয়ে জীবিত একজন মানুষকে এভাবে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা আদতে একটি পরিকল্পিত অমানবিকতা। সোশ্যাল মিডিয়ায় এভাবে কাদা ছোঁড়াছুঁড়ি না করে তার সঙ্গে সামনাসামনি আলোচনার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

নিজের পোস্টে মৌমিতা স্পষ্ট করে লিখেছেন, একজন মৃত ব্যক্তির সম্মান রক্ষার লড়াইয়ে অন্য একজন জীবিত মানুষের সম্মান ভূলুণ্ঠিত করা হচ্ছে। তিনি সিনিয়রদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, তাকে ‘নোংরা’ প্রমাণ করার তাড়াহুড়ো দেখে তিনি বিস্মিত। মৌমিতার ভাষায়, সব কিছুরই একটি সীমা থাকা উচিত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সশরীরে মুখোমুখি আলোচনার মাধ্যমে সত্য উদঘাটনের জন্য তিনি প্রস্তুত, তবে সোশ্যাল মিডিয়ার এই কুৎসা আর সহ্য করতে রাজি নন।

বিজ্ঞাপন

পোস্টের শেষে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে মৌমিতা লিখেছেন, ‘একজন মৃত মানুষকে সম্মান জানাতে গিয়ে বেঁচে থাকা অন্য একটি মানুষকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন আপনারা! হয়তো আমিও মরে গিয়ে প্রমাণ করি যে আমি অন্যায় করিনি।’ টলিপাড়ার এই দহন এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে সরগরম গোটা ইন্ডাস্ট্রি।

0%
0%
0%
0%