Advertisement

ফকিরহাটে ৫৯টি চোরাই মোবাইলসহ আটক ৪, আইএমইআই পরিবর্তনের তথ্য ফাঁস

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে আইএমইআই নম্বর পরিবর্তনকারী একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়। এ সময় কারিগরি কৌশলে মুঠোফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তনের প্রমাণও পাওয়া যায়।

আটককৃতরা হলেন ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের শেখ রেজাউর রহমান পলাশ, বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠির মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, রূপসা থানার ঘাটভোগ গ্রামের চন্দন সাহা এবং ভট্ট বালিয়াঘাটার হুছাইন খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারজাত করে আসছিল।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি মুঠোফোন শনাক্তকরণে আইএমইআই নম্বর অপরিহার্য হলেও এই চক্রটি তা জালিয়াতির মাধ্যমে গোপন করে আসছিল। অভিযানে চারজনকে আটক করা সম্ভব হলেও চক্রের আরও তিন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আটককৃত চারজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%