Advertisement

কুড়িগ্রামে ভুয়া প্রতিবন্ধী ও বিধবা সেজে সরকারি ভাতা আত্মসাৎ: তদন্তের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি ভাতা প্রদানে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে সুস্থ, সবল ও কর্মক্ষম রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম এবং আব্দুস ছামাদকে প্রতিবন্ধী সাজিয়ে বছরের পর বছর ধরে সরকারি ভাতার অর্থ আত্মসাৎ করা হচ্ছে। একইসঙ্গে প্রকৃত বিধবা ভাতা প্রত্যাশীদের বঞ্চিত করে অবিবাহিত নারীদের নামে বিধবা ভাতা প্রদানের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, এসব অনিয়মের নেপথ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তৎকালীন কর্মকর্তা জামাল হোসেনের সংশ্লিষ্টতা থাকতে পারে। তার দায়িত্বকালিন সময়ের ভাতাভোগীদের তালিকা, যাচাই-বাছাই প্রক্রিয়া, প্রতিবন্ধিতা নিরূপণ এবং সুবর্ণ নাগরিক কার্ড প্রদানের ক্ষেত্রে ব্যাপক অস্বচ্ছতার কথা উল্লেখ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্তমান কর্মকর্তা জামাল হোসেন কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন

উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন শতাধিক মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য, সিম ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেক ভুক্তভোগী পরে জানতে পারেন যে, তাদের অজান্তেই তাদের নামে সরকারি ভাতা উত্তোলন করা হচ্ছে। এমন প্রতারণা শুধু একটি ইউনিয়নে সীমাবদ্ধ নয়, বরং উপজেলার অন্যান্য প্রান্তেও সরকারি কার্ড বিতরণে একই ধরনের জালিয়াতির চিত্র ফুটে উঠেছে।

ভুক্তভোগীদের তথ্যমতে, একটি পরিবারের পাঁচ সদস্যের নামে ভুয়া তথ্য দিয়ে প্রতিবন্ধী ও বিধবা ভাতা চালু রাখা হয়েছে, যদিও ওই পরিবারের কেউ কোনো সরকারি সুবিধা পাননি। হাসনাবাদ ইউনিয়নের আনিসুর রহমানসহ আরও কয়েকজন অর্থের বিনিময়ে অবৈধভাবে সুবর্ণ নাগরিক কার্ড সংগ্রহ করে সরকারি কোষাগারের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিকার চেয়ে দুই শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এর আগে অন্যায়ের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, অভিযোগের সত্যতা নিরূপণে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%