Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে সংঘর্ষে আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশীয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালে স্থানীয় দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়।

ঘটনার সূত্রপাত হয় যখন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সফর্মার স্থাপনের জন্য কাজ শুরু করেন। এ সময় স্থানীয় আজিজুল ও ইমন নামের দুই ব্যক্তি কাজে বাধা প্রদান করলে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে মুহূর্তের মধ্যে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে আহতদের মধ্যে মনজুরা আক্তার, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম ও মদিনা আক্তারসহ মোট সাতজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইব্রাহিমের মাথায় এবং মদিনা আক্তারের হাতে গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে খোদেজা আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এবং যেকোনো সময় ফের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%