দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন আলানা পান্ডে মাসি হওয়ার আনন্দে ভাসছেন অনন্যা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডের পরিবারে বইছে খুশির হাওয়া। খুব শীঘ্রই মাসি হতে চলেছেন তিনি। অনন্যার তুতো বোন এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ঘোষণা করেছেন। স্বামী আইভর ম্যাকক্রের সঙ্গে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন ভিডিও শেয়ার করে এই আনন্দের কথা জানিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, বাগানঘেরা এক বিলাসবহুল প্রাসাদের সামনে পরম মমতায় ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আলানা ও আইভর। হল্টার নেক পোশাকে আলানাকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল। ভিডিওটির ক্যাপশনে আলানা লিখেছেন, ‘ভালোবাসার মানুষ আরও একজন বাড়ছে’। পরবর্তী একটি ছবিতে অনাগত সন্তানের সোনোগ্রাফির ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, ‘শীঘ্রই আসছে’। তাদের প্রথম সন্তান রিভার এখন বড় ভাই হওয়ার অপেক্ষায়।
এই সুসংবাদ প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি। আলানার মা ডিন পাণ্ডে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘দ্বিতীয়বার দিদিমা হওয়ার সৌভাগ্য হলো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’ এছাড়াও আলিজে অগ্নিহোত্রী, মৃণাল ঠাকুর এবং আলিয়া কাশ্যপসহ বিনোদন অঙ্গনের অনেক তারকাই এই দম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মাসি হতে যাওয়ার এই খবরে আনন্দিত অনন্যা পাণ্ডেও; নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে ভিডিওটি শেয়ার করে ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডে এবং খ্যাতনামা ফিটনেস প্রশিক্ষক ডিন পাণ্ডের কন্যা আলানা পাণ্ডে মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বেশি সক্রিয়। তবে সম্প্রতি করণ জোহর প্রযোজিত ও প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ট্রাইব’ শো-এর মাধ্যমে পর্দায় নিজের অভিষেক ঘটিয়েছেন তিনি। আলফিয়া জাফরি, আরিয়ানা গান্ধী এবং সৃষ্টি পোরিদের সাথে তার এই নতুন যাত্রা নজর কেড়েছে দর্শকদের। পরিবারের নতুন সদস্যের আগমনে পাণ্ডে পরিবারে এখন উৎসবের আমেজ।
