অনুরাগ কশ্যপের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র দেলুপি

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গৌরবোজ্জ্বল অধ্যায়। তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সাড়া জাগানো চলচ্চিত্র ‘দেলুপি’–এর সঙ্গে এবার হাত মেলালেন ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি ‘অনুরাগ কশ্যপ প্রেজেন্টস: দেলুপি’ নামে পরিচিত হবে। বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে বাংলা সিনেমার এই জয়যাত্রা দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর।

বিজ্ঞাপন

‘শাটিকাপ’ ও ‘সিনপাট’–এর মতো আলোচিত ওয়েব সিরিজের নির্মাতা তাওকীর ইসলাম গত বছর ‘দেলুপি’ নিয়ে হাজির হয়েছিলেন বড় পর্দায়। ছবিটি মুক্তির পরপরই গল্প বলার নতুনত্ব আর চমৎকার নির্মাণশৈলীর কারণে সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ায়। ছবিটির গভীরতা ও নান্দনিকতা মুগ্ধ করেছে স্বয়ং অনুরাগ কশ্যপকে। নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ক্ষমতার রাজনীতির ক্ষুদ্রতম রূপটি এই গ্রামে যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ। মানবিক এই গল্পের আবেদন তাকে এতটাই আলোড়িত করেছে যে, তিনি চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রায় অভিভাবক হিসেবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

খুলনার দেলুটি ইউনিয়নের বাস্তব জীবনের সংকট, নদীভাঙন ও প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াইকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘দেলুপি’। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর ক্ষমতার দ্বন্দ্বের মাঝেও মানুষের ভালোবাসার গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা ব্যবহার করেছেন খুলনার স্থানীয় মানুষ ও লোকেশনকে। ফলে চরিত্রগুলোর সংলাপ ও জীবনযাত্রায় এসেছে এক অনন্য বাস্তবতা। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে প্রদর্শনের মাধ্যমে আগেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে ছবিটি।

অনুরাগ কশ্যপের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নির্মাতার সম্পৃক্ততা ‘দেলুপি’–এর জন্য বিশ্বদরজার দুয়ার আরও প্রশস্ত করবে। চলচ্চিত্র–সংশ্লিষ্টরা মনে করছেন, এই মেলবন্ধন কেবল একটি চলচ্চিত্রের জয় নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমার জন্য একটি মাইলফলক। এখন আন্তর্জাতিক পরিবেশক, বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসব এবং বিশ্বজুড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ছবিটি নিয়ে আগ্রহ আরও তুঙ্গে থাকবে। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি এখন বিশ্বমঞ্চে বাংলার গল্পকে নতুন করে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%