লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রায়পুর উপজেলা মিলনায়তনে এক আড়ম্বরমপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পুরো প্রতিযোগিতাটি পরিচালনা করেন রায়পুর এম ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। বিজয়ী হিসেবে তাকে স্বর্ণপদকের পাশাপাশি নগদ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক; যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা।
এ ছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে রৌপ্যপদক এবং নগদ সাত হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্টে ভূষিত করা হয়।
আয়োজকরা জানান, সমাজে কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা প্রসারিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে পবিত্র কোরআন হিফজে আরও বেশি উদ্দীপ্ত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।