ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসারে ইকো ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের দুই অধ্যাপক

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসার, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব বাথের দুই উচ্চপর্যায়ের প্রতিনিধি। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেন তারা।

যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও অধ্যাপক জোসেফ ডিভাইন এবং ওই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও সহযোগী অধ্যাপক ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো। সফরকালে তারা ইকো ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা কার্যক্রম, অ্যাকাডেমিক পরিবেশ, ব্যবহারিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং কারিগরি সুযোগ-সুবিধা নিবিড়ভাবে ঘুরে দেখেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

ক্যাম্পাস পরিদর্শনের অংশ হিসেবে ব্রিটিশ প্রতিনিধি দলটি ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির (ইআইটি) আধুনিক ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও কারিগরি স্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং বাস্তবমুখী দক্ষতা বিকাশের সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনায় মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা, পাঠদান ও ব্যবহারিক শিক্ষার মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

যুক্তরাজ্যের প্রতিনিধিদের ক্যাম্পাসে উষ্ণ অভ্যর্থনা জানান ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্াইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উত্তর জনপদের মতো একটি জেলায় আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রেক্ষাপটে এই পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সফর প্রসঙ্গে ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, এই আন্তর্জাতিক প্রতিনিধি দলের সফর অ্যাকাডেমিক সংলাপ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে বৈশ্বিক পরিমণ্ডলে অ্যাকাডেমিক সম্পৃক্ততা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে মূল্যবান ভূমিকা রাখবে। দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিখন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সংযোগ বাড়াতে ইইউএসটি সবসময় অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

০%
০%
০%
০%