কিছু বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ভারতীয় ভিসার কোটা কৃত্রিমভাবে ব্লক করে রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।
ডেপুটি হাইকমিশনার বলেন, হাতে গোনা কিছু এজেন্সি আগে থেকেই বড় অঙ্কের ভিসার কোটা আটকে বা ব্লক করে রাখে। এর ফলে সাধারণ ও প্রকৃত ভিসাপ্রত্যাশীরা সময়মতো অনলাইনে আবেদন করার ন্যূনতম সুযোগটুকুও পান না। এই সিন্ডিকেটের কারণে ভিসা প্রক্রিয়া জটিল আকার ধারণ করেছে এবং মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে গেছে।
তবে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং গোটা প্রক্রিয়াটিকে আরও সহজ, গতিশীল ও স্বচ্ছ করতে ভারতীয় হাইকমিশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এই সংকট নিরসনে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ কূটনীতিক।
এর আগে টাঙ্গাইল সফরকালে পবন বাদেহ ঐতিহাসিক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পর তিনি দানবীর রণদা প্রসাদ সাহার বাসভবনে যান এবং সেখানে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।