মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজ এলাকার পুরোনো হোস্টেলের পেছনের একটি ভাড়া বাসায় রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা, নগদ ছয় লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকারসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের সম্পা দাস (৩২) এবং পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। এদের মধ্যে সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশুকন্যা রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্র জানায়, পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের ওই ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার পলিতে সংরক্ষিত চার হাজার পিস ইয়াবা এবং মাদক ব্যবসার নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার সম্পা দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসার সামনে থেকে একটি প্রাইভেটকার ও নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের জন্য রাখা একটি ওয়াকিটকিও উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নিজেদের পুলিশ পরিচয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহ করে আসছিল। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন। তারা পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দিন ধরে গোপনে এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।