Advertisement

জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমজুড়ে জলাবদ্ধতায় তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু হওয়ায় এবং স্থানীয় সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না রাখায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণ জলাশয়ে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে আবদ্ধ এই দূষিত পানিতে খেলাধুলা ও যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত কালভার্ট বা পানি নিষ্কাশনের পথ রাখা হয়নি, যার ফলে বৃষ্টির পানি সরতে না পেরে বিদ্যালয়ের মাঠে আটকে থাকে। মাঠের পাশাপাশি প্রবেশের সড়কটিও জলমগ্ন হয়ে পড়ায় শিক্ষার্থীদের হাঁটুসমান পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। অভিভাবক কাইয়ুম হোসেন খান জানান, প্রতি বছরই বর্ষায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, এতে শিশুদের পানিবাহিত রোগসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, মাঠ ডুবে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ স্বাভাবিক করতে মাঠ ভরাটসহ স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবক মহল।

বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের জলাবদ্ধতার সমস্যাগুলো চিহ্নিত করতে পরিদর্শন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলোর সমাধান করা হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার এ বিষয়ে জানান, বাবুগঞ্জসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে মাঠ ভরাট করে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%