নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি, সুনামগঞ্জে চার শিক্ষককে শোকজ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার সহকারী শিক্ষককে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী। কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিদ্যালয়টিতে কোনো নিয়ম না মেনেই ছুটি ঘোষণা করে শিক্ষকরা চলে যান। সরকারি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করাকে দায়িত্বহীনতা ও চরম উদাসীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে জেলা শিক্ষা অফিস।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ জবাব প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
