চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে ২৯ পাখি হত্যায় বন বিভাগের মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বিষ প্রয়োগ করে ২৯টি বন্য পাখি হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বন বিভাগ। গত ১৫ আগস্ট রাতে ফসলি জমিতে বিষাক্ত বীজ ছিটিয়ে পরিকল্পিতভাবে পাখি নিধনের এ ঘটনা ঘটে। উদ্ধার করা মৃত পাখির মধ্যে ২৪টি তিলা ঘুঘু, তিনটি চড়ুই ও দুটি কবুতর রয়েছে।
কুষ্টিয়া সামাজিক বন বিভাগের দামুড়হুদা এসএফপিপির ফরেস্টার সুরেশ চন্দ্র মিস্ত্রী ও সংশ্লিষ্ট কর্মীরা তদন্ত চালিয়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর ১৬ আগস্ট সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আতিয়ার রহমান ও তার ছেলে মো. রাজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় আতিয়ার রহমান পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ছেলে রাজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বন্যপ্রাণী নিধনের এই ঘটনায় পরিবেশের ২ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং প্রাণিকুলের ৫ হাজার ২১০ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮(১)/৪২ ধারাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
