জয়পুরহাটে হিজাব পরে চুরির চেষ্টাকালে অস্ত্রসহ আটক এক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামে গভীর রাতে ছদ্মবেশ ধারণ করে চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে দেশীয় অস্ত্রসহ আব্দুল মুমিন নামের এক ব্যক্তি আটক হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের বাসিন্দা বেলাল ও তার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আটককৃত আব্দুল মুমিনের সঙ্গে আরিফুল ইসলাম নামে তার এক সহযোগী থাকলেও তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয়দের ভাষ্যমতে, আটককৃত আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রামে বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে দুজনই নারীবেশে হিজাব পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তারা সাজেদা বেগমের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী দম্পতি চিৎকার শুরু করেন।
গৃহকর্তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত জড়ো হলে চোরচক্র পালানোর চেষ্টা করে। গ্রামবাসী ধাওয়া করে আব্দুল মুমিনকে আটক করতে পারলেও তার সহযোগী পালিয়ে যায়। এ সময় মুমিনের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মুমিনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম জানান, আটককৃত ব্যক্তিকে থানায় আনা হয়েছে এবং ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
