Advertisement

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের রাষ্ট্রপতির মসনদে আসীন হতে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সংসদ ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রায় ৩৫ বছর পর দেশের ইতিহাসে রাষ্ট্রপতি পদে এমন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হলো। দীর্ঘ সময় ধরে একক প্রার্থী থাকার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি, তবে এবার গণতান্ত্রিক রীতির প্রতিফলন ঘটল।

বিজ্ঞাপন

নির্বাচনে বেশ কয়েকজন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দিয়ে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনকে জাতীয় রাজনীতির এক উল্লেখযোগ্য বাঁক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বিজয় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%