Advertisement

দিনাজপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য ৪ সহপাঠী আটক

দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর লিমন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়া এলাকার লিটন ইসলামের পুত্র এবং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে লিমন নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকায় নদীর পানিতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিখোঁজের সময় লিমনের সাথে থাকা চার সহপাঠী রুহুল আমিন খান, আতিকুর রহমান, আবির হোসেন ও তাজনিম রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কোতোয়ালি থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকায়, পাশাপাশি স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%