নারায়ণগঞ্জে এক বছর ধরে পিডিও কোর্স বন্ধ বিদেশগামীদের চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (বিআইএমটি) প্রায় এক বছর ধরে বিদেশগামীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও কোর্স কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে এ সেবা স্থগিত থাকায় সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ সদরসহ পুরো জেলার বিদেশগামী কর্মীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি এ প্রশিক্ষণ গ্রহণের জন্য তাদের এখন বাধ্য হয়ে দূরবর্তী অন্য জেলায় যাতায়াত করতে হচ্ছে, যা কর্মীদের বাড়তি সময় ও অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৯৫৮ সালে ১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন টেকনোলজির বিভিন্ন কারিগরি ও ভাষাগত কোর্সের পাশাপাশি ২০১৭ সাল থেকে পিডিও কোর্সটি পরিচালিত হয়ে আসছিল। তবে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ২১ জুলাই থেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃপক্ষের নির্দেশে কোর্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য বিআইএমটি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক বিএমইটি মহাপরিচালকের দপ্তরে একাধিকবার লিখিত আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং কর্মচারী সংকটের বিষয়টিও প্রকট হয়ে উঠেছে। বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী ও প্রয়োজনীয় জনবলের অভাবে প্রতিষ্ঠানের মূল্যবান সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত জনবল নিয়োগসহ বন্ধ থাকা পিডিও কোর্সটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
