চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও ভাটেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতির ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার ২৫ আগস্ট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং মাদকবিরোধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই প্রকৃত শিক্ষা নিশ্চিত হয় না। বরং জ্ঞানকে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে ধারণ করে দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার মানসিকতা নিয়ে বেড়ে ওঠার পরামর্শ দেন।
মাদকের ভয়াবহতা নিয়ে তিনি বলেন, মাদকদ্রব্য কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং এটি একটি পরিবার ও সমগ্র সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের একক প্রচেষ্টার চেয়ে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও তিনি জোর দেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণই সরকারি সেবার মূল লক্ষ্য। কোনো নাগরিক যেন সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এছাড়া উন্নয়ন প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং সরকারি অর্থের স্বচ্ছ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়। সভা শেষে জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং দুস্থদের মাঝে সমাজকল্যাণ অনুদানের চেক বিতরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া উপকরণসহ স্বাস্থ্যসামগ্রী তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সীতাকুণ্ডের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।