ফরিদপুরের সদরপুরে অবৈধ পার্কিং উচ্ছেদ করে বিদ্যালয়ের আঙিনায় ফুলের বাগান সৃষ্টি

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের চারপাশ একসময় যত্রতত্র ফেলে রাখা ভাঙাচোরা যানবাহন আর ধুলোবালির কারণে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্কুলের বাউন্ডারি ঘেষে অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটত এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হতো। কিন্তু প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং স্থানীয় সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বিদ্যালয়টির চারপাশের দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে।

উপজেলা প্রশাসন অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করার পরপরই তা উচ্ছেদ করা হয়। এরপরই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে স্কুলের ম্যানেজিং কমিটি, স্থানীয় যুব সংগঠন ‘বাবুরচর তেরেনাম’ এবং অভিভাবক মহল একযোগে কাজ শুরু করেন। তারা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের চারপাশ পরিষ্কার করে নতুন রঙে সাজিয়ে তোলেন। একসময়ের দখল হয়ে থাকা সেই জায়গাটিতে বর্তমানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে এবং গাছগুলোর সুরক্ষার জন্য চারপাশ বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, আগে যেখানে ময়লা-আবর্জনা ও গাড়ির জটলা লেগেই থাকত, এখন সেখানে ফুলের সমারোহ তাদের মনে প্রশান্তি এনে দিয়েছে। চলাচলের পথ এখন নিরাপদ ও মনোরম হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে। এমন ইতিবাচক পরিবর্তন শিক্ষার্থীদের মাঝে উৎসাহের সঞ্চার করেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, যেখানে একসময় অকেজো গাড়ির স্তূপ ছিল, আজ সেখানে নান্দনিক ফুলের বাগান শোভা পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের সময়োচিত উদ্যোগ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা বিদ্যালয়ের চারপাশকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর এলাকায় রূপান্তর করেছে। অবৈধ পার্কিং উচ্ছেদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

০%
০%
০%
০%