কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার অষ্টঘরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা আক্তার শিমু নামের ষোড়শী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত কিশোরীর মা ও দাদী গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার অষ্টঘরিয়া গ্রামের নয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার শিমু আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে এবং আহতরা হলেন তার মা শিখা আক্তার ও দাদী জোসনা আক্তার।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাদের বসতঘর থেকে পাশের দাদীর ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সংযোগের তারে ত্রুটি থাকায় বৃষ্টির পানিতে দাদীর ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং দুপুরে বৃষ্টির মধ্যে দাদীর ঘরে যাওয়ার সময় আমেনা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা ও দাদীও আহত হন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আমেনা আক্তার শিমুর মরদেহ তদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।