নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, চক্ষু হাসপাতাল বন্ধ ও আটক ১

নোয়াখালী জেলা সদরের পৌর এলাকার দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো. মোসলিম নামের বারো বছর বয়সী এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত প্যারামেডিকস আবুল হোসেন শিশুটির চোখে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন।

অ্যানেসথেসিয়া দেওয়ার পরপরই শিশুটি বমি করতে শুরু করলে তড়িঘড়ি করে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বজনেরা জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আইনি প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় স্বজনেরা লাশ নিজ বাড়িতে নিয়ে যান।

এ ঘটনার পর নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে সেটি বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত প্যারামেডিকস আবুল হোসেনকে আটক করেছে এবং ভুক্তভোগী পরিবার এই মৃত্যুর দ্রুত বিচার দাবি করেছে।

০%
০%
০%
০%
বিজ্ঞাপন