পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকা থেকে ২১ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানার বয়স ৩০ বছর। তিনি কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে এবং বর্তমানে নীলগঞ্জ আবাসন এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানাকে তল্লাশি করা হয় এবং এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে ১০টি মাদক মামলা ও অন্যান্য অভিযোগে আরও ৬টি মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার এই চিহ্নিত মাদক কারবারির দ্রুত কঠোর বিচার দাবি করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।