সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু হেলপার আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামের এক প্রবীণ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম নামের এক ব্যক্তির বাসায় মেয়ের সাথে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে এবং মো. মনির হোসেন (৪০) নামের গাড়ির এক হেলপারকে আটক করে। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক মো. উদয় (৩৫) কৌশলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। চালকের সহকারীসহ কাভার্ডভ্যানটি তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও নিহতের স্বজনেরা।

০%
০%
০%
০%