পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের নিচ থেকে মাটি সরে গিয়ে পাশে থাকা পুকুরে ধসে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিকল্প কোনো সুব্যবস্থা না থাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যেই এই ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত ক্লাস করতে বাধ্য হচ্ছে শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টির বর্তমান বয়স ১ শতাব্দী পেরিয়ে ১১১ বছরে পদার্পণ করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ২৬৫ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। এর মধ্যে ১৯৯৫ সালে পুকুরের পাড় ঘেঁষে নির্মিত একতলা ভবনটির নিচের সমস্ত মাটি ধসে ফাঁকা হয়ে যাওয়ায় তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোসা. নাসিমা নাসরিন জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা সবসময় চরম আতঙ্কে দিন কাটায় এবং বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া বিদ্যালয়টিতে কোনো সীমানাপ্রাচীর না থাকায় সামান্য বৃষ্টিতেই সামনের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিলা পারভীন জানায়, ভবনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ক্লাসে প্রবেশ করলেই তাদের মধ্যে আতঙ্ক কাজ করে যে কখন ভবনটি ধসে পুকুরে পড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ ভবনটির দ্রুত সংস্কার বা অপসারণপূর্বক নিরাপদ বিকল্প পাঠদানের দাবি জানিয়েছেন।