নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলাম ভূঁইয়া ওই এলাকার মৃত আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান ওই বৃদ্ধ। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে শিশুটির চিৎপুরে ও কান্নায় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযুক্ত মিরাজুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত লম্পট বৃদ্ধের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।