কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়। পরে ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে উল্লেখিত অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে অস্ত্রসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।