চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে রাজু নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রেশমি নামে ৯ বছর বয়সী এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সূত্র বলছে, চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার প্রতিপক্ষের একটি গ্রুপ সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পর থেকে নগরী ও জেলায় বিভিন্ন খুনোখুনির ঘটনায় এসব গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
চাঁদাবাজি, দখল-বেদখল, বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারা একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে এবং ঘটছে টার্গেট কিলিংয়ের ঘটনাও। বৃহস্পতিবার রউফাবাদে সংঘটিত হত্যাকাণ্ডটিও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত রাজুর কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বা প্রত্যক্ষদর্শীরা। রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে টার্গেট করেই চট্টগ্রাম শহরে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্য একটি সূত্রের দাবি, রাজুকে লক্ষ্য করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি চালালে তার পক্ষের লোকজনও পাল্টা গুলি চালায়। দুই গ্রুপের গোলাগুলির একপর্যায়ে রাজু নিহত হন।
এ বিষয়ে জানতে রাতে বায়েজিদ বোস্তামী থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নিহতের বিস্তারিত পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।