ফর্মহীনতার কবলে জাক ক্রলি, মাঠের বাইরে কেন্টের তারকা ওপেনার

ক্রিকেট মাঠে দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি আপাতত বিরতিতে যাচ্ছেন। কেন্টের হয়ে আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই ব্যাটার। মূলত দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ফর্মহীনতায় ভোগা ক্রলিকে মানসিকভাবে সতেজ করে তুলতেই কেন্ট ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে এই বিশেষ বিরতির আয়োজন করা হয়েছে।

চলতি মৌসুমে লাল বলের ক্রিকেটে ক্রলির পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। ডিভিশন টু-এর ১২ ইনিংসে ব্যাট হাতে তিনি সংগ্রহ করেছেন মাত্র ২২৬ রান, যেখানে তার গড় ২০ দশমিক ৫৪। এমন ধারাবাহিক ব্যর্থতার জেরে ইংল্যান্ডের টেস্ট দল থেকেও জায়গা হারিয়েছেন এই ডানহাতি ওপেনার। তার পরিবর্তে বেন ডাকেটের উদ্বোধনী সঙ্গী হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ডারহামের এমিলিও গে।

কেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ইসিবি’র সাথে আলোচনার ভিত্তিতেই ক্রলিকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিরতি তাকে নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ করে দেবে, যাতে মৌসুমের বাকি অংশে তিনি পূর্ণ উদ্যমে ফিরতে পারেন। আপাতত তার মূল মনোযোগ থাকবে ভাইটালিটি ব্লাস্টের টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে।

আগামী ২৬ জুন নটিংহ্যামশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে পুনরায় মাঠে ফিরবেন ক্রলি। যদিও কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ এখনো কিছুটা অনিশ্চিত। আগামী ২০ আগস্ট মিডলসেক্সের বিপক্ষে কেন্টের পরবর্তী রেড-বল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে ওই সময়েই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট থাকায় তার অংশগ্রহণ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।

০%
০%
০%
০%