AdvertisementAdvertisement

বাংলা কিউআর লেনদেন বাড়াতে ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা বেগবান করতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল ইকোসিস্টেমে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে আর্থিক সুবিধা প্রদান করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যক্তিপর্যায়ে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতাদের দোকানে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের ক্ষেত্রে এই প্রণোদনা কার্যকর হবে। এর ফলে কিউআর কোড স্থাপনকারী বা একুয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের শূন্য দশমিক ১০ শতাংশ এবং গ্রাহকের পেমেন্ট সেবা প্রদানকারী বা ইস্যুয়িং প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর লেনদেন মাশুলের যে আর্থিক বোঝা রয়েছে, তা লাঘব করতেই এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Advertisement
বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যবসায়ীদের লাভের মার্জিন কম হওয়ায় ১ থেকে ১ দশমিক ১৫ শতাংশ লেনদেন মাশুল ডিজিটাল প্রসারে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর আগে এই মাশুলের একটি অংশ ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি হিসেবে ব্যাংক ও এমএফএসগুলোর মধ্যে বিভাজিত হতো, যা এখন পুরোপুরি শূন্য করা হয়েছে। এই কাঠামোগত পরিবর্তনের ফলে বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং ব্যবসায়ীদের ওপর আরোপিত মাশুলের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রণোদনার অপব্যবহার রোধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর শর্তাবলী আরোপ করেছে। কোনো অবস্থাতেই বড় অংকের লেনদেনকে ভেঙে একাধিক ছোট লেনদেনে রূপান্তর করে প্রণোদনা দাবি করা যাবে না। এছাড়া যেসব লেনদেন ব্যর্থ, ফেরত, চার্জব্যাক কিংবা বিরোধপূর্ণ হিসেবে বিবেচিত হবে, সেগুলোর বিপরীতে কোনো প্রকার আর্থিক সুবিধা প্রদান করা হবে না। দেশজুড়ে ২৪ লাখেরও বেশি ব্যবসায়ী বর্তমানে বাংলা কিউআর সেবার আওতায় থাকলেও এই প্রণোদনা প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রসারকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%