AdvertisementAdvertisement

আমানতের উৎসে কর জমা দিতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কড়া হুঁশিয়ারি

গ্রাহকদের আমানতের বিপরীতে অর্জিত মুনাফা থেকে কর্তনকৃত উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে চরম অবহেলা ও গুরুতর ত্রুটি-বিচ্যুতি শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ সরকারের রাজস্ব আহরণ প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং ভবিষ্যতে কর নিরীক্ষা কার্যক্রমে জটিলতা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যাংকগুলো আইনানুগ হার ও যথাযথ বিধান অনুসরণ না করায় রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা প্রদানে বড় ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ ধরনের রাজস্ব অপচয় রোধ এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পাঁচটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে। আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী, সঞ্চয়ী, স্থায়ী বা যেকোনো মেয়াদি আমানতের সুদ প্রদানের সময় প্রাপকের ধরনভেদে নির্ধারিত হারে উৎসে কর কর্তন করা বাধ্যতামূলক। বিশেষ করে, যেসব করদাতা রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দিতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হারের চেয়ে অতিরিক্ত ৫০ শতাংশ হারে উৎসে কর কর্তন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

কর্তনকৃত করের অর্থ ব্যাংকগুলো দীর্ঘ সময় নিজেদের জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে আটকে রাখতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ধারা ৮ অনুসরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া এবং চালান ও বিবরণীর কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা ব্যাংকগুলোর জন্য অপরিহার্য। অর্থবছরের বিভিন্ন সময়ের জন্য কর জমা দেওয়ার সময়সীমাও নতুন করে নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসের কর সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত কর্তনকৃত কর পরবর্তী সাত দিনের মধ্যে এবং জুন মাসের ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়ের কর পরবর্তী কার্যদিবসেই জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, উল্লিখিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%