AdvertisementAdvertisement

ইসলামী ব্যাংক পিএলসিতে বেসরকারি খাতের দুই অভিজ্ঞ পেশাজীবীকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়

ইসলামী শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছর মেয়াদে নিযুক্ত এই দুই পরিচালকই বেসরকারি খাতের পেশাজীবী হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন। সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের এই অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি ব্যাংকটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন নিযুক্ত পরিচালকদের মধ্যে কে এম জাকারিয়া একজন অভিজ্ঞ ব্যবসায়ী ও অর্থ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলালিংকে স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। টেলিযোগাযোগ, দ্রুত সরবরাহযোগ্য ভোগ্যপণ্য, উৎপাদন ও আর্থিক সেবা খাতে তাঁর দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্ব প্রদানের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অপরদিকে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী পেশাদার হিসাববিদ হিসেবে দীর্ঘ ২৫ বছর দেশি ও বহুজাতিক কোম্পানিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি বর্তমানে কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে ব্যাংকটির প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর অংশ হিসেবে চলতি সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রদানের পর বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই তাঁর নিয়োগের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন পরিচালনা পর্ষদ ও নেতৃত্বের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

0%
0%
0%
0%