নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেন এবং এবারের বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই বিশাল জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে পাঠ্যসূচিতে আরও গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। এ সময় তিনি বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রজেক্টের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মাদরাসা শিক্ষকদের বেতন প্রদানে বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। ৫শ কোটি টাকার মাসিক চাহিদার বিপরীতে বরাদ্দ নিশ্চিত না করায় মাদরাসা শিক্ষকদের অবর্ণনীয় ভোগান্তির জন্য তিনি বিগত ফ্যাসিস্ট সরকারকে দায়ী করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও ড. আব্দুল কাইয়ুম মাসুদ। এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে, সকালে বর্ণাঢ্য র্যালি, পায়রা অবমুক্তকরণ এবং কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।