ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ছাগলনাইয়ার রৌশন ফকির মাজার এলাকায় মাটিবোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাহাব উদ্দিন খোকন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক হাসানসহ আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বক্সমাহমুদের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলিটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রলি ও এর চালক হৃদয়কে (২১) আটক করেছে।
অপরদিকে, ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় কবির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
পৃথক দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।