পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। গত বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। আকস্মিক অগ্নিকাণ্ডে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা এ সময় তাদের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘরের মালিকের প্রত্যেককে সাত হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে দুই বান করে টিন এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে থাকতে তারা বদ্ধপরিকর।
তিনি আরও উল্লেখ করেন যে, মানবিক এই সহায়তায় কোনো প্রকার দল-মত বা ধর্মীয় পরিচয়ের বিভাজন রাখা হয়নি। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগাতে এই সামান্য প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিপদের সময় সংসদ সদস্যের এমন দ্রুত সাড়া ও সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারগুলো।
এ সময় বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।