ত্রিপুরায় উপহার হিসেবে ছয়শ কেজি আম পাঠাল বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার দুপুরে উন্নত জাতের হাড়িভাঙা ও আম্রপালি আমবাহী একটি কাভার্ড ভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছালে তা গ্রহণ করা হয়।

স্থলবন্দর সূত্র জানায়, ১২০টি কার্টুনে সাজানো এই আমের চালানটির কাস্টমস ক্লিয়ারিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। পরে হাইকমিশনের প্রতিনিধিদের মাধ্যমে উপহারের এই আম মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

উভয় দেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে প্রতিবছরই এই উপহার আদান-প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষ থেকে আম পাঠানোর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানোর রীতি রয়েছে।

০%
০%
০%
০%